আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম। দায়িত্ব পালনে তাঁর পেশাদারিত্ব, নিয়মিত অভিযান এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি রতন শেখের নেতৃত্বে সম্প্রতি পরিচালিত একাধিক অভিযানে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক এবং বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গেও সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুধু অপরাধ দমন নয়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন ওসি রতন শেখ। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও অভিযোগ নিষ্পত্তিতে আন্তরিকতার বিষয়টিও স্থানীয়দের নজরে এসেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতার কারণে অপরাধীদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তবে তারা মনে করেন, অপরাধ নিয়ন্ত্রণকে আরও কার্যকর করতে জনগণের সচেতনতা, তথ্য দিয়ে সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সুশীল সমাজের প্রতিনিধিরাও মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের ধারাবাহিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের মতে, প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সুনামগঞ্জে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।"