নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেললাইনের নিচে একাধিক স্লিপার (কংক্রিটের পাটাতন) ভাঙা অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব স্লিপারের ওপর দিয়েই নিয়মিত চলাচল করছে ট্রেন। এতে রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেলপথের বিভিন্ন স্থানে স্লিপার ভেঙে গেছে। এমন অবস্থায় ওই লাইন দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করায় আতঙ্কে রয়েছেন রেলপথসংলগ্ন এলাকার বাসিন্দারা ও যাত্রীরা।
তারা জানান, রেললাইনের স্লিপার ভাঙা থাকায় ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সরেজমিনে রেলপথ পরিদর্শন, ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামত এবং ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।