সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুরকান্দি গ্রামে মানবকল্যাণমূলক সামাজিক সংগঠন “আলোর পথে”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সম্প্রতি এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায় পরিবারের সহযোগিতা এবং মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবগঠিত কমিটিতে শাহীন আলমকে সভাপতি, আল আমিন জয়কে সহ-সভাপতি, সুজন আহমেদকে সাধারণ সম্পাদক, পারভেজ আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, হৃদয় শাহকে সাংগঠনিক সম্পাদক, লিয়াকত আলীকে সহ-সাংগঠনিক সম্পাদক, জামরুল ইসলামকে অর্থ সম্পাদক, তোফাজ্জর হোসেনকে দপ্তর সম্পাদক, নাহিদুল ইসলামকে প্রচার সম্পাদক, মোজাম্মেল হককে শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক এবং স্বাধীন আহমেদকে তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “আলোর পথে” একটি অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন, “আমরা কুরকান্দি গ্রামকে একটি মানবিক, সচেতন ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। ‘আলোর পথে’ সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
সহ-সভাপতি আল আমিন জয় বলেন, “মানবতার সেবাই আমাদের সংগঠনের মূল শক্তি। ‘আলোর পথে’ শুধু একটি সংগঠন নয়, এটি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আমরা তরুণদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে কুরকান্দি গ্রামকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমরা মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক সুজন আহমেদ বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করব এবং সংগঠনকে একটি আদর্শ মানবিক সংগঠনে পরিণত করার চেষ্টা করব।”
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত সদস্যরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে কুরকান্দি গ্রামসহ আশপাশের এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
“মানুষের কল্যাণে, মানবতার পথে”—এই স্লোগানকে সামনে রেখে ‘আলোর পথে’ সংগঠন তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। স্থানীয়দের প্রত্যাশা, সংগঠনটি ভবিষ্যতে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।