আব্দুল আজিজ, পত্নীতলা উপজেলা প্রতিনিধি:
"দক্ষ যুব গড়বে দেশ - সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, "দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই এক সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।