তাহিরপুরে সোহালা সাতগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সোহালা সাতগ্রাম ফুটবল টুর্নামেন্ট সিজন–৪, ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে সোহালা এফসি ও বাদাঘাট একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোহালা এফসি। রানার্সআপ হয় বাদাঘাট একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাখাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিক, বাদাঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউনুস মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে সিত্তাহ সাদিক ফুটবল একাডেমির পক্ষ থেকে তিনটি বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের স্বীকৃতিস্বরূপ সম্মানিত সভাপতিকে কৃতজ্ঞতা স্মারক, ‘বেস্ট স্পেকটেটর অব দ্য সিজন’ হিসেবে মো. জামাল শিকদারকে এবং ধারাভাষ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ মো. উজ্জ্বল আহমেদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সিত্তাহ সাদিক ফুটবল একাডেমির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উৎসাহিত করা, তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং ক্রীড়াঙ্গনে সম্মান ও সৌহার্দ্যের সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সৌজন্যে ছিল সিত্তাহ সাদিক ফুটবল একাডেমি। একাডেমির পক্ষে টিম ম্যানেজার মাহাদী হাসান মনির সংশ্লিষ্ট আয়োজক, খেলোয়াড়, দর্শক ও ধারাভাষ্যকারসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।