বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহিরপুরের কৃতি শিক্ষার্থী তাহিরের আজিজ ওয়েসি। তার এ অর্জনে নিজ এলাকা তাহিরপুরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজিজ ওয়েসির বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নম্বর দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে। তার বাবা আব্দুল লতিফ ও মা লালজান বিবি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন।
প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে মধ্যবিত্ত কৃষক পরিবারে বেড়ে ওঠা আজিজ ওয়েসির শিক্ষাজীবনের শুরু নিজ এলাকা থেকেই। বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করার পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যান। হলহলিয়া গ্রামের নিজ পরিবেশ থেকে তিনি হাজী এম. এ. জাহের উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
উচ্চশিক্ষার উদ্দেশ্যে পরবর্তীতে তিনি চট্টগ্রামে পাড়ি জমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হন। এর আগে তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনার সুযোগ পেয়েছিলেন বলে জানা গেছে।
শিক্ষাজীবনের পাশাপাশি লেখালেখি ও সামাজিক সচেতনতার কার্যক্রমেও যুক্ত রয়েছেন আজিজ ওয়েসি। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তার সাংগঠনিক ও লেখালেখির কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আজিজ ওয়েসির লক্ষ্য, অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং সুশিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখা। একই সঙ্গে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল ও টেকসই নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও রয়েছে তার।
তাহিরপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ছাত্রসংগঠনের দায়িত্বে নির্বাচিত হওয়ায় আজিজ ওয়েসিকে অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা তার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।