সুনামগঞ্জের তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারস্থ আইএবি মিলনায়তনে এ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রশিদ, তাহিরপুর উপজেলা শাখার সদর দ্বীনি সংগঠনের আলহাজ্ব হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি জুনাঈদ আহমদ রাসেল।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আযাদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মহিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আলী। এছাড়া সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা দিলোয়ার হুসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্মেলনের পর তাহিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এমদাদুল্লাহ সাদকে সভাপতি এবং এইচ কে এম মহিবুর রহমানকে সেক্রেটারি করা হয়েছে বলে সম্মেলন সূত্রে জানা গেছে।
নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।