সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ খায়রুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ সুলাইমান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখা-এর সহ-সভাপতি মাজহারুল ইসলাম মাজহার।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মাজহার বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা বলেন, চাঁনপুর বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকাসক্তদের কারণে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবেলায় বাজার কমিটি, স্থানীয় মুরুব্বি, সচেতন যুবসমাজ, মসজিদের মিম্বর ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।
সভা থেকে মাদকাসক্ত ও মাদক কারবারিদের পরিচয় কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা না করে কঠোরভাবে দমন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সমাজের শান্তি ও ভারসাম্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।