তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুর মেধা ও মানবিক বিকাশের মূল ভিত্তি। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করতে হবে। তাহিরপুর উপজেলার শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় অর্জন বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক অভিভাবক বৃন্দ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।