সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বছর বয়সী মাওয়া আক্তার, ৭ বছর বয়সী শামিম মিয়া ও ২ বছর বয়সী তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত শিশুদের বাবা সরফত আলী মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার স্ত্রী ফাতেমা বেগম কয়েক বছর সৌদি আরবে ছিলেন এবং চার দিন আগে আবারও সেখানে যান। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। রাত আনুমানিক দুইটার দিকে তারা বিষাক্ত পদার্থ পান করেন। পরে সরফত আলী ময়মনসিংহে থাকা এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।
তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিন শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।