
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালুবাহী বারকি নৌকা ও গোদারা নৌকার ভয়াবহ সংঘর্ষে মো. হাবিবুল্লাহ নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের অংশের হাড় ভেঙে গেছে এবং ডান কব্জিতেও গুরুতর আঘাত লেগেছে। এতে তাঁর হাতের স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ নভেম্বর শনিবার বেলা ২টার দিকে উপজেলার লাউড়েরগড়ের বারিক্কাটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে বালুবাহী বারকি নৌকা ও গোদারা নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বারকি নৌকার মাঝি হাবিবুল্লাহ গুরুতর আহত হন।
আহত মো. হাবিবুল্লাহ উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলা মিয়ার ছেলে। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ একজন দিনমজুর। প্রতিদিনের উপার্জন দিয়েই তাঁর পরিবারের ভরণপোষণ চলে। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় এখন হাসপাতালের বিছানায় দিন কাটছে তাঁর। শুধু তাই নয়, পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন বারকি নৌকাটিও সংঘর্ষে ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে একদিকে ব্যয়বহুল চিকিৎসার খরচ, অন্যদিকে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
এদিকে, আহত শ্রমিকের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন যাদুকাটা বালুমহাল-১ ও ২-এর ইজারাদার নাসির মিয়া। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হাবিবুল্লাহর পরিবারের হাতে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
তবে গুরুতর আহত হাবিবুল্লাহর চিকিৎসা সম্পন্ন করতে আরও আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। এ অবস্থায় গোদারা নৌকার ইজারাদার, সংশ্লিষ্ট বালুমহালের কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয়রা বলেন, একজন অসহায় শ্রমিকের জীবনে এমন দুর্ঘটনা শুধু তাঁর শারীরিক ক্ষতিই করেনি, পুরো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট সবাই এগিয়ে এলে তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়া এবং পরিবারটির দুর্দিন কাটিয়ে ওঠা সহজ হবে।
এদিকে, আহত হাবিবুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর স্বজন ও এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে চিকিৎসার বাকি ব্যয় নির্বাহে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁরা।