
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আসন্ন এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মেসার্স তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহল এবং তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মো. আলী আহমদ বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে থেকে সবসময় সাহস জুগিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। ব্যবসায়ীদের যেকোনো সংকট মোকাবিলায় আমি সবসময় তাঁদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।” এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো. আলী আহমদ একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে তাঁর অবদান রয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁরা মনে করছেন, তাঁর মতো প্রার্থীরা নির্বাচিত হলে সংগঠনে স্বচ্ছতা, গতিশীলতা ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সংগঠনের উন্নয়নে একটি কার্যকর নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।