তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন–২০২৬ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আসন্ন এ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মেসার্স বাইজিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ বোরহান উদ্দীন। নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে মোঃ বোরহান উদ্দীন ব্যবসায়ী ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। তিনি বলেন, কয়লা আমদানিকারক ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ব্যবসায়ীদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া।
এ ছাড়া কয়লা আমদানি প্রক্রিয়া সহজীকরণ, দেশি-বিদেশি ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং আমদানিকারকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মোঃ বোরহান উদ্দীনের সমর্থকদের মতে, ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার সুরক্ষায় যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে তাকে সহসভাপতি পদে বিজয়ী করতে ব্যবসায়ী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচন উপলক্ষে মোঃ বোরহান উদ্দীন বলেন, ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব কমিটি গঠনের মাধ্যমে তাহিরপুরের কয়লা আমদানিকারক ব্যবসায়ীদের সম্মান ও স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় স্থানীয় কয়লা আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চলছে।