তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন–২০২৬-এ সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মেসার্স জালালাবাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন।
তিনি বর্তমানে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবারের সন্তান জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে কয়লা আমদানি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিশেষ করে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণকে অগ্রাধিকার দিতে চান জালাল উদ্দিন।
তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখা, সংগঠনের সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা।
নির্বাচনকে সামনে রেখে তিনি কয়লা আমদানিকারক গ্রুপের সকল সম্মানিত ভোটার ও ব্যবসায়ী ভাইদের কাছে দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন।
জালাল উদ্দিন বলেন, “ব্যবসায়ী ভাইদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করতে চাই। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ব্যবসায়ী ভোটাররা যোগ্যতা, সততা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে তাঁকে নির্বাচিত করে ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন।
ব্যবসায়ীদের ঐক্য, অধিকার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোঃ জালাল উদ্দিন।