তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা অবহেলিত ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির নিবেদিত কর্মী মোহাম্মদ মালু মিয়া। একই সঙ্গে দলের ভেতরে থাকা নব্য সুবিধাবাদী, অনুপ্রবেশকারী ও কথিত দালালদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মোহাম্মদ মালু মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলিপুর বাগগাঁও গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির দুর্দিনের একজন নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এখনো সময় আছে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে তাঁদের যথাযথ মূল্যায়ন করার। যারা দলের কঠিন সময়ে রাজপথে ছিলেন, নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি উপেক্ষা করে সংগঠনের পাশে থেকেছেন, তাঁদের অবদান কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।
মালু মিয়া মনে করেন, দলের সুসময়ে অনেকেই বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করেন। অথচ দুঃসময়ে তাঁদের অনেকেরই সাংগঠনিক কর্মকাণ্ডে তেমন ভূমিকা দেখা যায় না। তাই দলের ভেতরে থাকা নব্য সুবিধাবাদী, অনুপ্রবেশকারী ও কথিত দালালদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, দলের সামনে ভবিষ্যতে আরও কঠিন সময় আসতে পারে। সেই সময় দলের প্রকৃত শক্তি হিসেবে পাশে দাঁড়াবেন দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাই। কিন্তু সুসময়ে তাঁদের অবহেলা ও বঞ্চিত করা হলে সংকটের মুহূর্তে তাঁদের আর পাশে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তিনি প্রশ্ন রেখে বলেন, যাঁদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ওপর ভর করে অনেকে আজ নেতৃত্বের অবস্থানে পৌঁছেছেন, তাঁদেরই যদি যথাযথ সম্মান ও মূল্যায়ন করা না হয়, তাহলে কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানোর জন্য কাদের খুঁজবেন?
মোহাম্মদ মালু মিয়ার মতে, একটি রাজনৈতিক দলের মূল শক্তি তার তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের অবদান অস্বীকার করে কিংবা সুবিধাবাদীদের প্রাধান্য দিয়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বজায় রাখতে হবে।
তিনি বিএনপির সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে। তৃণমূলের অবহেলিত ও ত্যাগী নেতাকর্মীদের খুঁজে বের করে তাঁদের যথাযথ মূল্যায়ন করুন। দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের সম্মান দিন এবং সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকুন।
মালু মিয়ার বক্তব্যের শেষ কথা—দলকে বাঁচাতে হলে তৃণমূলকে বাঁচাতে হবে, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। কারণ সুসময়ে অনেককে পাশে পাওয়া গেলেও দলের প্রকৃত পরীক্ষিত শক্তি চেনা যায় দুঃসময়ে। এখনই সময় দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার।