দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ‘নয়নের খাল’ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
গত বৃহস্পতিবার (১৮ ই জুন) বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকায় ‘দখল, দূষণে অস্তিত্ব বিলীনের পথে নয়নের খাল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও সরকারের নজরে আসে। এরপর প্রতিমন্ত্রী সরেজমিনে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং খালের বর্তমান বেহাল চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ।
এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তাদের বিরুদ্ধে তালিকা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে গাইড লাইন করে দেওয়া হবে। পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ আজ থেকেই শুরু হবে।
তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনা দেব।
খাল উদ্ধার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়। খাল দখল হয়ে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়, পরিবেশ দূষিত হয় এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। তাই নয়নের খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ”
প্রতিমন্ত্রী বলেন, “সরকার সারাদেশে নদী-খাল রক্ষায় কাজ করছে। নয়নের খালের ক্ষেত্রেও একইভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ কাজ সফল হবে না। কেউ যেন পুনরায় খাল দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হবে। খাল উদ্ধার করে এটিকে আগের মতো সচল ও পরিবেশবান্ধব অবস্থায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। ”