দিরাই প্রতিনিধি । হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীর উপবৃত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর ব্যাংক হিসাবের তথ্য ও এটিএম কার্ডের ছবি সংগ্রহ করে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছা. মাছুমা বেগম (২২) দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা জিডির নম্বর ১৬১ এবং ট্র্যাকিং নম্বর ZFTT4B।
জিডি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ৩টা ২৪ মিনিটে মাছুমা বেগমের ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে প্রতারকরা তাঁর নাম-ঠিকানা উল্লেখ করে জানায়, তাঁর ভাতিজি লামিয়া দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে উপবৃত্তি দেওয়া হবে। এ জন্য ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন।
একপর্যায়ে প্রতারকরা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি এটিএম কার্ডের নম্বর অথবা কার্ডের ছবি চায়। সরল বিশ্বাসে মাছুমা বেগম তাঁর ব্যাংক হিসাবের এটিএম কার্ডের ছবি পাঠিয়ে দেন। পরে ব্যাংক হিসাব যাচাইয়ের কথা বলে তাঁর মোবাইলে আসা ওটিপি (OTP) নম্বর জানতে চায় প্রতারকরা। তাদের কথামতো কয়েকটি ওটিপি নম্বর দেওয়ার পর একাধিকবার আবারও ওটিপি চাওয়া হলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি আর কোনো ওটিপি নম্বর দেননি।
পরবর্তীতে দ্রুত পূবালী ব্যাংকের দিরাই শাখায় গিয়ে হিসাব পরীক্ষা করে তিনি দেখতে পান, তাঁর ব্যাংক হিসাব থেকে কৌশলে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা তুলে নেওয়া হয়েছে। পরে প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী দিরাই থানায় সাধারণ ডায়েরি করেন।
উপবৃত্তি, সরকারি অনুদান কিংবা আর্থিক সুবিধা দেওয়ার কথা বলে কেউ ব্যাংক কার্ডের ছবি, পিন নম্বর বা ওটিপি চাইলে তা কখনোই কাউকে দেওয়া উচিত নয়। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কার্ড ও হিসাবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।