নড়াইলের লোহাগড়ায় এক এসএসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, ব্ল্যাকমেইল ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে ঢাকা হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকস দল।
মামলার বাদী ভুক্তভোগীর মা সুমনা বেগমের অভিযোগ, গত ২১ মে ২০২৬ তারিখে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের এসএসি পরীক্ষার্থী তার মেয়েকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষে ফেরার পথে মহিষাপাড়া ঘাট থেকে ট্রলারযোগে মধুমতি নদীর মাঝচরে নিয়ে যায় তিন যুবক। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং আপত্তিকর ছবি ধারণ করে টাকা দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রায়হান শেখ, তামিম শেখ ও লিকু শেখ নামে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
র্যাব সূত্র জানায়, ৯ জুন মঙ্গলবার ২০২৬ তারিখে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে মামলার আসামি তামিম শেখ (২০) পিতা- রাজু শেখ, সাং- মঙ্গলহাটা, লোহাগড়া, নড়াইলকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত অজিত কুমার রায় বলে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য দুই আসামি রায়হান শেখ ও লিকু শেখকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পুলিশ বলছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।