অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন—এমন দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভার ভিডিও সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন রনজিত সরকার। ঘটনাটি ঘিরে সুনামগঞ্জ ও সিলেটের পুলিশ প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমুখী বক্তব্য।
প্রকাশিত ভিডিওতে রনজিত সরকারকে একটি সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। সভাস্থলে সামিয়ানা টাঙানো ছিল। পেছনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম দেখা যায়।
ভিডিওতে ব্যানার ধরে রাখতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুককে। তার পাশে ছিলেন তাহিরপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিডিওতে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সভায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সভার নির্দিষ্ট স্থান জানাতে রাজি হননি।
রনজিত সরকারের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, জানতে চাইলে তিনি কল কেটে দেন।
অন্যদিকে, ভিডিওতে ব্যানার ধরে থাকা ওমর ফারুকও রোববার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা স্বীকার করেন। তবে স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনিও ফোন কেটে দেন।
প্রায় ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বক্তব্যে রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
বক্তব্যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার প্রত্যাশার কথা তুলে ধরেন রনজিত সরকার। এ জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এদিকে, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে পাওয়া গেছে পরস্পরবিরোধী তথ্য।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের প্রবেশের কোনো সুযোগ নেই। ভিডিওতে তাঁর নির্বাচনী এলাকার যেসব ব্যক্তিকে দেখা গেছে, তাঁদের সিলেট সীমান্তের কোনো একটি স্থানে জড়ো করে সভাটি করা হয়ে থাকতে পারে।
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে অনুষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দৈনিক সুনামগঞ্জের খবর।