পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ফরিদপুর উপজেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” শীর্ষক বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফরিদপুর, পাবনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যুক্তি, উপস্থাপনা ও তথ্যভিত্তিক বক্তব্যে প্রাণবন্ত ও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে বনওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে আফজাল নজরুল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দগণ বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। পরে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।