পাবনার ফরিদপুর থানা প্রাঙ্গণে শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৪টায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, পেশাজীবী প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উন্মুক্তভাবে বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। আলোচনায় মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, অবৈধ দুগ্ধজাত ও ভেজাল খাদ্য উৎপাদন রোধ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের প্রতিটি বক্তব্য ও প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল-হেলাল। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে জনবান্ধব পুলিশিং কার্যক্রমের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।