বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ কাউছার মিয়া:
চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও প্রযুক্তির অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং থানার আয়োজনে উপজেলার ৪ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসাইন ও থানার তদন্ত কর্মকর্তা কবির আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু মিয়া। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নজমুল হোসাইন।
এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন এলাকার সরদার, মুরুব্বিয়ান, যুবসমাজ, ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে পুলিশ জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে কাজ করছে। অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং কিংবা নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত থানা পুলিশকে জানাতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি উপস্থিত সবাইকে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসাইন বলেন, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার ও গুজব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব সামাজিক অপরাধ ও অনিয়ম প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সরদার, মুরুব্বিয়ান ও যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এলাকার যুবকরা বিভিন্ন সময় অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করে আসছেন। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।