কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। এবার উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২১ হাজার ৫২৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন চলাকালীন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, "একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এটি সফল করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরিকল্পনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।