মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ১৫টি ইউনিয়নে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাপ্ত তালিকা অনুযায়ী, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন হলো—বর্ণি, দাসের বাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ (উত্তর), সুজানগর ও দক্ষিণভাগ (দক্ষিণ)।
অন্যদিকে, জুড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন হলো—জায়ফরনগর, পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী ও সাগরনাল।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও তৎপরতা বাড়তে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তফসিল ও ভোটগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হবে।