জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শীতের আমেজে গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের শরৎপুর গ্রামে আয়োজিত ‘রাহুল এফসি নাইট ফুটবল টুর্নামেন্ট’। ব্যতিক্রমী এ ক্রীড়া আয়োজন ইতোমধ্যে স্থানীয় গণ্ডি পেরিয়ে জেলার বিভিন্ন এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে আসছেন রাহুল এফসির প্রতিষ্ঠাতা মো. রাহুল। তাঁর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এ আয়োজন এখন বৃহত্তর এলাকার তরুণ-যুবকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
টুর্নামেন্টে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামসহ সুনামগঞ্জ জেলার একাধিক এলাকার দল অংশ নিচ্ছে। প্রতিদিন ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ছয়টি ম্যাচ। খেলা দেখতে প্রতিদিনই মাঠে ভিড় করছেন দর্শনার্থীরা। তরুণ-যুবকদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে উঠছে উৎসবমুখর।
এবারের আসরের অন্যতম আকর্ষণ চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে একটি ফ্রিজ। প্রায় দুই শতাধিক ম্যাচ আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে এ প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এক মাসব্যাপী এ টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠাতা মো. রাহুলের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন শরীফ, কাওসার, লিমন, হাসান, নাঈম, রিফাত, আবুল, জয়, সুমন, আসাদ, রাকিব, হৃদয়সহ আরও অনেকে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এ ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে রাহুল এফসির এ উদ্যোগ প্রশংসনীয়। এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; বরং এ আয়োজনের মধ্য দিয়ে তৈরি হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে রাহুল এফসি নাইট ফুটবল টুর্নামেন্টকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।