ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে বুদ্ধু মিয়া নামে এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের নয়ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ ও বিক্ষিপ্ত বোমাবাজির প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আহত বুদ্ধু মিয়া মনাকষা ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন বাজারে দুলালের দোকানের সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পথচারী বুদ্ধু মিয়া আহত হন। তবে ককটেলটি কারা নিক্ষেপ করেছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণের পর স্থানীয়রা আহত বুদ্ধু মিয়াকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি ও বিক্ষিপ্ত বোমাবাজির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একটি ঝটিকা মিছিলের খবর পেয়েছেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন বলেও জেনেছেন। তবে পুলিশ ঘটনাস্থল এলাকায় গিয়ে কাউকে পায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।