আশিক হাসান, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌর শহরের পশ্চিম তাঁতিহাটি কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, দুই বোতল মদ ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, এসআই উজ্জ্বলসহ পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীবরদী পৌর শহরের পশ্চিম তাঁতিহাটি কলেজ রোড এলাকার মেসার্স শুভ এন্টারপ্রাইজের গোডাউন থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের নূর নবীর ছেলে আশিক মিয়া (২০), শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহমুদুল মিয়া (২৬), শ্রীবরদী পৌর এলাকার উত্তর শ্রীবরদী গ্রামের মৃত জরুল হকের ছেলে মিস্টার (৩৬) এবং জামালপুর সদর উপজেলার পিয়ারপুর বাড়ী গাগরী গ্রামের নুরুল ইসলামের ছেলে এমদাদুল হক (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার চারজন এবং এজাহারনামীয় আলোচিত ব্যবসায়ী শুভসহ মোট পাঁচজনের বিরুদ্ধে সোমবার দুপুরে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আশিক হাসান
শেরপুর জেলা প্রতিনিধি