বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক স্বপন কুমার বর্মনের মাতা, সমাজসেবায় সম্মাননা প্রাপ্ত প্রমিলা রাণী বর্মন (প্রায় ১০০) বার্ধক্যজনিত কারণে সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ নিজ বাড়িতে কাষ্ঠ সৎকার সম্পন্ন করা হয়েছে।
জীবদ্দশায় প্রমিলা রাণী বর্মন সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা লাভ করেন। তাঁর মৃত্যুতে বিশ্বম্ভরপুরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা জানানো হয়েছে।
এদিকে, সাংবাদিক স্বপন কুমার বর্মনের মাতৃবিয়োগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান বলেন, “প্রমিলা রাণী বর্মনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বপন কুমার বর্মনসহ পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”