রোকসানা পারভিন খুলনা
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ শাহিনুর রহমান যোগদানের পর থেকেই বদলে গেছে পুরো এলাকার অপরাধচিত্র। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি এবং একের পর এক সফল অভিযানের কারণে তিনি এখন স্থানীয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও চাঁদাবাজদের কাছে এক মূর্তমান আতঙ্কের নাম হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ওসির নির্দেশে দিনরাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং চিহ্নিত মাদক স্পটগুলোতে পুলিশের কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে মাদক সিন্ডিকেটগুলো কোনঠাসা হয়ে পড়েছে। শীর্ষস্থানীয় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে, আর বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এলাকার সাধারণ মানুষ জানান, এর আগে কালিগঞ্জের বিভিন্ন পয়েন্টে মাদক কেনাবেচা এবং কিশোর গ্যাং ও স্থানীয় সন্ত্রাসীদের উৎপাত ছিল নিত্যদিনের ঘটনা। তবে ওসি শেখ শাহিনুর রহমানের কঠোর অবস্থানের কারণে বর্তমানে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। সাধারণ মানুষ এখন স্বস্তিতে চলাচল করতে পারছেন। হয়রানিমুক্ত সেবা দিতে থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ নেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হয়েছে।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, "মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় কালিগঞ্জকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা তরুন সমাজকে মাদকের দিকে ঠেলে দেয়, তাদের কোনো ছাড় নেই। অপরাধী যেই হোক না কেন, তার স্থান হবে জেলখানায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল পুলিশের এই সাহসী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই ধারা বজায় থাকলে খুব দ্রুতই কালিগঞ্জ একটি সম্পূর্ণ নিরাপদ ও আদর্শ মডেল উপজেলায় রূপান্তরিত হবে।