হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ
দাবিকৃত যৌতুকের ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দেওয়ার মামলায় পুলিশের সাবেক ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী ৩ লাখ ১ টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া আরেফিন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার মৃত আব্দুল মজিদের মেয়ে। সাবেক ওসি রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে ২০০৯ সালে পিএসআই হিসেবে কালিগঞ্জ থানায় যোগদান করেন। তানিয়া আরেফিন বাবার একমাত্র মেয়ে হওয়ায় প্রেমজ সম্পর্কে মোটা অংকের যৌতুক নিয়ে বিয়ে করেন
। মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এর ধারা বাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাঁকে মারধর করা হয়। এক পর্যায়ে রড ও ইটের আঘাতে তাঁর নাকের হাড় ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তানিয়া আরেফিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ও ১১(গ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেন। রায়ে ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১ (গ) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে।