নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে মাদকদ্রব্যের বিস্তার রোধে অক্টোবর মাসজুড়ে ৯৪টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ (ডিএনসি)। এসব অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৯ জন আসামি পলাতক রয়েছেন। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট ৬ লাখ ৭৭ হাজার ৯২০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
ডিএনসির অক্টোবর-২০২৬ ইং মাসের অভিযান ও জব্দসংক্রান্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে পরিচালিত ৯৪টি অভিযানের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে ১৭টি এবং মোবাইল কোর্টে মামলা হয়েছে ১৪টি। দুই ধরনের মামলায় মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ৩২ জন। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ৯ জন পলাতক রয়েছেন।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা, ১৪ বোতল বিয়ার, ৬ বোতল বিলাতি মদ, ৮২ লিটার চোলাই মদ এবং ৩ হাজার ৭০০ লিটার ওয়াশ। এ ছাড়া একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
ডিএনসির পরিসংখ্যান অনুযায়ী, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা, ইয়াবার মূল্য ১৩ হাজার টাকা, বিয়ারের মূল্য ১৪ হাজার টাকা, বিলাতি মদের মূল্য ৬ হাজার টাকা, চোলাই মদের মূল্য ৮২ হাজার টাকা, ওয়াশের মূল্য ৭৪ হাজার টাকা এবং মোবাইল ফোন সেটের মূল্য ১০ হাজার টাকা।
এ ছাড়া অভিযানে নগদ ২ লাখ ১৪ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে মাদকদ্রব্য, অন্যান্য মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯২০ টাকা।
প্রাপ্ত পরিসংখ্যানের মন্তব্যে উল্লেখ রয়েছে, মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা আলামত ঘটনাস্থলে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সচেতন মহলের মতে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকের সরবরাহের উৎস, পাচারপথ এবং ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করা জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায় মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
মাদকমুক্ত সমাজ গঠনে শুধু মাদক উদ্ধার ও গ্রেপ্তার নয়, মাদক ব্যবসার নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেছেন সচেতন নাগরিকরা।
তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ।