প্রকাশিত : শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ , রাত ১০:৪০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , দুপুর ১২:২১

ময়মনসিংহে রোটারির ‘প্রকৃতিযাত্রা’: পরিবেশ র‍্যালি, বৃক্ষরোপণ ও কৃষক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক রোটারি ক্লাব অব ইকো ঢাকা-এর উদ্যোগে ‘প্রকৃতিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের নতুনবাজার এলাকার আফরোজ খান মডেল স্কুল থেকে মুসলিম ইন্সটিটিউট পর্যন্ত এক বর্ণাঢ্য পরিবেশ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির শুরুতে শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের নিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রোটারি ক্লাব অব ময়মনসিংহ ও অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ।পরবর্তীতে জেলা প্রশাসক জনাব মুফিদুল আলমের উপস্থিতিতে ময়মনসিংহ ক্লাব, সার্কিট হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট আহমেদ বাদল, রোটারি ক্লাব অব ময়মনসিংহের প্রেসিডেন্ট মঞ্জুরুল হক কাজল, পাস্ট প্রেসিডেন্ট ফারুক খান পাঠান, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, মো. আনিসুর রহমান, রোটারিয়ান তাইজুল ইসলাম, আজিজুল হক এবং রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য রোটারি নেতৃবৃন্দ।উল্লেখ্য, রোটারির পরিবেশ সচেতনতা কার্যক্রম ‘প্রকৃতিযাত্রা’ বর্তমানে দেশের ৬৪ জেলায় ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ ২০তম জেলা হিসেবে এই আয়োজনে যুক্ত হলো।একই দিন বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কৃষক সভা, যেখানে স্থানীয় কৃষকদের প্রাকৃতিক ও বিষমুক্ত চাষাবাদে উৎসাহিত করার উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রাণ-প্রকৃতি রক্ষায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনা করা হয় লোকগান।