প্রকাশিত : সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ , সকাল ১০:৫৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:৩৯

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-সহ এক যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ॥মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে অধিদপ্তরের একটি টিম।শনিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।উপপরিচালক মোঃ আবুল হোসেনের তত্ত্বাবধানে এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আসামি মোঃ দেলোয়ার (২৭) এর নিজ দখলীয় দোকানঘর ও বসতঘর তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃত দেলোয়ার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি সলুকাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মথুরকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১০(ক) ধারায় বিশ্বম্ভরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ তৎপরতা আরও জোরদার করা হবে।