প্রকাশিত : সোমবার , ৩ নভেম্বর ২০২৫ , সকাল ০৯:৫৭।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৬

মুন্সিগঞ্জে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিনিধি মো রিয়াদ হোসেন:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে কৃষক লীগ নেতার পুত্রকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।রোববার রাত সাড়ে দশটার দিকে মাথা ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন তুহিন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাছাড়া ছিলো তুহিন ও তাদের লোকজন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও বিএনপি নেতা আওলাদ মোল্লা সমর্থকদের সাথে বিরোধ হয়। এ ঘটনার জেরে রোববার তুহিনকে গুলি করে হত্যা করা হয়।নিহত তুহিনের মা লাখি বেগম অভিযোগ করে জানান, উজির আলী গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।অভিযোগের বিষয়ে উজির আলী ও আওলাদ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, হাসপাতালে মরদেহের খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা উদঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।