প্রকাশিত : বুধবার , ১২ নভেম্বর ২০২৫ , রাত ০৮:৩২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , দুপুর ১২:৩৯

এডিবির উদ্যোগে জামালগঞ্জে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও মিষ্টি কুমড়ার বীজ ও উপকরণ বিতরণ


তোফাজ্জল ইসলাম – জামালগঞ্জ (সুনামগঞ্জ) সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে এডিবি প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও মিষ্টি কুমড়ার বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার ছয় ইউনিয়নের ২০৫ জন কৃষক-কৃষাণীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি শুধু জীবিকার উৎস নয়, এটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। সরকারের প্রণোদনা পেলে কৃষকরা আরও আত্মনির্ভরশীল হতে পারবে।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা বলেন, কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন ফসলের জন্য প্রণোদনা দিচ্ছে। সবাইকে একত্রে মিলেমিশে দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করার আহবান জানাই। বিশেষ অতিথি, সাংবাদিক তোহীদ চৌধুরী প্রদীপ বলেন, কৃষিই বাংলাদেশের প্রাণ। এ ধরনের সহযোগিতা কৃষকদের উৎসাহিত করে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গতবছর এডিবির প্রণোদনা নিয়ে সফলতা অর্জন করা কয়েকজন কৃষক-কৃষাণী। তারা জানান, সরিষার বীজ পেয়ে ভালো ফলন হয়েছে এবং এবার আরও বেশি জমিতে চাষ করছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্পের আওতায় এবার ১২০ জন কৃষক সরিষা, ৪৫ জন ভূট্টা এবং ৪০ জন মিষ্টি কুমড়ার উপকরণ পেয়েছেন।উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশা জাগিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, সরকারের এই ধারাবাহিক প্রচেষ্টা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।