প্রকাশিত : শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৩৮।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪৩

সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ, আলোচনায় মুশতাক চৌধুরী


সুনামগঞ্জ প্রতিনিধি: কুলেন্দু শেখর দাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নতুন রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কানাডাভিত্তিক সামাজিক সংগঠন ‘স্টার মুভমেন্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান মুশতাক চৌধুরী। দীর্ঘ প্রায় তিন দশক ধরে জাতীয় রাজনীতি ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে সুনামগঞ্জ-২ আসনের মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন।১৯৯৩ সাল থেকে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মুশতাক চৌধুরী। দেশের সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের রাজনৈতিক দর্শন ধারণ করে ছাত্রসমাজ, যুবসমাজ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করে আসছেন তিনি। দলটির জন্মলগ্ন থেকে একজন সাধারণ কর্মী হিসেবে সক্রিয় থাকলেও ধীরে ধীরে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।দীর্ঘদিন ধরে কানাডার টরোন্টো শহরে বসবাস করলেও দিরাই-শাল্লার মানুষের প্রতি তার টান অবিচ্ছিন্ন। বিদেশে থাকা সত্ত্বেও এলাকার মানুষের সুখ–দুঃখ, সামাজিক সমস্যা, উন্নয়নবঞ্চনা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সংকট নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সামাজিক সেবা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, দরিদ্র পরিবারকে সহায়তা, ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করার মাধ্যমে স্থানীয় উন্নয়নে অবদান রাখছেন। কানাডাভিত্তিক সামাজিক সংগঠন ‘স্টার মুভমেন্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান হিসেবে তিনি প্রবাসীদের নিয়ে সমাজসেবামূলক নানা উদ্যোগ পরিচালনা করেন।মুশতাক চৌধুরী জানান, দিরাই–শাল্লার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার দীর্ঘ দিনের স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,“আমি বিলাসবহুল জীবনের লোভে রাজনীতি করি না। আমার জন্মভূমি দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনৈতিক অঙ্গীকার। এই অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে বাস্তবধর্মী পরিবর্তন আনতে চাই।”তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ যদি তাকে সমর্থন দেন, তবে দিরাই–শাল্লাকে একটি আধুনিক, বৈষম্যমুক্ত ও সুযোগসুবিধাসম্পন্ন অঞ্চলে রূপান্তর করতে সারাজীবন কাজ করবেন।ড. কামাল হোসেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুশতাক চৌধুরী বিশ্বাস করেন, দেশের ভবিষ্যৎ রাজনীতি হতে হবে অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক। তিনি বলেন,“রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়—মানুষের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও সমঅধিকার প্রতিষ্ঠা। তাই দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। আমি চাই সুনামগঞ্জ-২ আসন জনগণের ঐক্য ও প্রগতিশীল রাজনীতির মডেল হোক।”তিনি আরও আহ্বান জানান—“আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনার নির্বাচন। আসুন, আমরা সবাই দলমত নির্বিশেষে সুনামগঞ্জ-২ আসনসহ সমগ্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক, মাদকমুক্ত ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে এগিয়ে আসি। ড. কামাল হোসেনের নেতৃত্বে উদীয়মান সূর্যকে সমর্থন জানাই।”স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে মুশতাক চৌধুরীর সক্রিয়তা এবং সামাজিক কর্মকাণ্ড দিরাই-শাল্লার তরুণ ও প্রবাসীদের মধ্যে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সাদামাটা জীবনযাপন এবং সামাজিক সেবামূলক উদ্যোগ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন অনেকে।তিনি জানালেন, নির্বাচিত হলে দিরাই–শাল্লার রাস্তা–ঘাট, স্কুল–কলেজ, স্বাস্থ্যসেবা, কৃষি–উন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়ন করবেন। পাশাপাশি প্রবাসী ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প আনতে চান।