প্রকাশিত : সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , রাত ১২:৫০।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৫:৫১

সুনামগঞ্জে মানসিক প্রতিবন্ধী ১২ বছরের শিশুকে ধর্ষণ: মূল আসামি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:সুনামগঞ্জ সদর উপজেলায় ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টার দিকে শিশুটির বাবা ৪০ দিনের জন্য তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাবাকে মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে গাড়িতে তুলে দিতে শিশুটি তার সঙ্গে যায়। পরে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে সুনগঞ্জ সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রাজপুর গ্রামের একটি নির্জন রাস্তায় পৌঁছালে অভিযুক্ত শাহজাহান মিয়া (৪৫) শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধরে নিয়ে যায়।অভিযোগ রয়েছে, সে শিশুটিকে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের বসতবাড়ির পেছনে সুরমা নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটি কোনোরকমে বাড়িতে পৌঁছালে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় রিফাত আলী, রবিনসহ কয়েকজন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত শাহজাহান মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।