প্রকাশিত : শনিবার , ১৪ মার্চ ২০২৬ , রাত ১০:০২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৪১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ১১ দিনে ৬ খুন, দৃশ্যমান নেই গ্রেফতার অভিযান


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাত্র ১১ দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে ৬টি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশ কয়েকটি লোমহর্ষক হত্যাকাণ্ড। একের পর এক এসব ঘটনার পর পুরো উপজেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ৯ মার্চ, শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজার এলাকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে বসা সালিশ বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে আনিসুর রহমান নামে একজন নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।এদিকে শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় একটি আম বাগানে গত ২৮ ফেব্রুয়ারী সদর উপজেলার গোবরাতলা-সরজন এলাকার সিহাব আলী নামে এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। একই এলাকায় ১০ মার্চ শিবগঞ্জের চন্ডিপুর-ঘোষপাড়া গ্রামের মাসুদ রানা নামে এক ড্রাইভারকে অপর একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরপর এই দুই খুনের ঘটনায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন।এর আগে গত ৪ মার্চ ২০২৬ তারিখে উপজেলার মনোহরপুর গ্রামের ফকির নামে এক ব্যক্তি পদ্মা নদীতে মাছ ধরতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন বলে জানা গেছে। সীমান্ত এলাকায় এই ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এরপর ৯ মার্চ ২০২৬ তারিখে মির্জাপুর এলাকায় অবৈধভাবে চলাচলকারী একটি ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী দূর্ঘটনাশ মর্মান্তিক মৃত্যুর বিষয়ে কোন ব্যবস্থা নেইনি। সবশেষে ১১ মার্চ ২০২৬ তারিখে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। নাসিমা খাতুন (৪৫) নামে এক নারী স্বামীর হাতে নিহত হন। পরে তার মরদেহ বাড়ির পায়খানার ভেতর থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।অল্প সময়ের মধ্যে ধারাবাহিক এসব হত্যাকাণ্ড ও মৃত্যুর ঘটনায় শিবগঞ্জবাসীর মধ্যে চরম উদ্বেগ আর উৎকন্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি এসকল নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে দৃশ্যমান অভিযান নেই পুলিশের। তাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেপ্তার এবং সীমান্ত ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এলাকাবাসীর মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মোঃ হুমায়ুন কবির জানান, আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ তৎপর আছে। তদন্ত সাপেক্ষ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যহত আছে।