প্রকাশিত : সোমবার , ১৬ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪২।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৪৬

ছাতকে নৌ পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সিলেট নৌ পুলিশের উদ্যোগে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি ক্যাম্পে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নৌপথের নিরাপত্তা, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং বালু উত্তোলন ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি ও উদ্বেগ তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এস.এম জহিরুল ইসলাম। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুস সাত্তার বলেন, “নৌপথে অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। বিশেষ করে অতিরিক্ত পৌর ট্যাক্স এবং বিআইডব্লিউটিএ-এর নামে নিয়মবহির্ভূত টাকা আদায়ের অভিযোগ বন্ধে নজরদারি বাড়ানো প্রয়োজন।”সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, “রাতের আঁধারে জাহাজ ও বাল্কহেডে ডাকাতির ঘটনা উদ্বেগজনক। এসব বন্ধে নৌ পুলিশের টহল জোরদার করা জরুরি। পাশাপাশি ইজারা বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নৌ পুলিশ ফাঁড়িতে জনবল বাড়ানোর দাবি জানাচ্ছি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরত। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সোয়েদ মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ জানে আলম, ব্যবসায়ী মো. সমসের আলী ও ফকির জামালসহ স্থানীয় ব্যবসায়ীরা।ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী কামরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এস.এম জহিরুল ইসলাম বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নৌ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।