প্রকাশিত : সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:৩৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৬

নওগাঁয় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৭০ বোতল মাদকসহ আটক ১


নওগাঁ প্রতিনিধি: আল আমিন নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফিরোজ কামাল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে।আটককৃত আসামির হেফাজত থেকে ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।পত্নীতলা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।