প্রকাশিত : শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:৫৮।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৫৫

অপহরণ ও নারী নির্যাতন মামলায় যুবক গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার


নিজস্ব প্রতিনিধি:সুনামগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় এক স্কুলছাত্রী (১৬) অপহরণ ও পরবর্তীতে নির্যাতনের অভিযোগে আব্দুর রহমান ওরফে বিল্লাল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১০টা ঘটিকায় সুনামগঞ্জ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের আপ্তাবনগর এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। পরবর্তীতে তাকে পৌরসভার ষোলঘর এলাকা হয়ে বিলপাড়া সাকিনের একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।অভিযোগের ভিত্তিতে ভিকটিমের পিতা সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করা হয়। মামলার পরপরই সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাজির পয়েন্ট এলাকা থেকে বিলপাড়া গামী একটি বাসা থেকে গভীর রাতে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করেন। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়।উদ্ধারের সময় ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে তার পিতা-মাতার সহায়তায় মহিলা পুলিশ সদস্যের উপস্থিতিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।