প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ , সকাল ১০:৩৯।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৫৩

রাস্তা মেরামত নাকি কাদার প্রলেপ? ভোগান্তিতে জনপদ


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এখানে শুধু পানি নয় একটি করে অভিযোগ,একটি করে দীর্ঘশ্বাস। উন্নয়নের নামে যে পথ মানুষের স্বস্তি হওয়ার কথা ছিল,আজ তা পরিণত হয়েছে কাদা আর দুর্ভোগের এক নির্মম প্রতীকে।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার থেকে কামালপুর যাওয়ার ওই সড়কের একটি অংশে কাদামাটি দিয়ে দায়সারা মেরামতের অভিযোগ উঠেছে।এতে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়,টেকসই সংস্কারের পরিবর্তে কেবল কাদামাটি ফেলে রাস্তা সমান করার চেষ্টা করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই তা গলে গিয়ে কর্দমাক্ত হয়ে পড়ছে, ফলে পথচারী ও যানবাহনের চলাচল হয়ে উঠছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই পথে চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক ও রোগী বহনকারী যানবাহনকে।নাম না বলা সর্তে স্থানীয় এক বাসিন্দা জানান কাজটি অসময়ে করা হয়েছে এবং হাজারো মানুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি এখন বন্ধ হওয়ার উপক্রম। এটি রাস্তার নামে মরন ফাদ তৈরী করা হয়েছে। অনেক মটর সাইকেল কাদায় গড়াগড়ি করেছে।রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হলেও মাটির কাজে চরম অনিয়ম ও দূর্নীতি হয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ কাজটি স্বরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। স্থানীয় বাসিন্দা ইশতিয়াক আহমদ আখঞ্জী বলেন,এই রাস্তাটি অনেক মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল হক বলেন,এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটির বরাদ্দ চার লক্ষ টাকা হলেও আমরা প্রথম কিস্তির টাকা ছাড় দিয়েছি। পরবর্তীতে কাজটি তদারকী করে কাজ অনুযায়ী বিল স্তানান্তর করা হবে।কোন ধরনের অনিয়ম দুর্নীতি হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর অভিযোগ,কাজের মান বজায় না রেখেই দায়সারা সংস্কার দেখিয়ে অর্থ উত্তোলনের চেষ্টা চলছে। এতে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা যেমন রয়েছে,তেমনি জনদুর্ভোগও দিন দিন বাড়ছে।এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও টেকসইভাবে রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।