ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বরাবরই নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের কর্ণফুলী টানেল সার্ভিস এলাকায় অবস্থিত জোরারগঞ্জ আনসার ব্যাটালিয়নের (৪বিএন) ক্যাম্পের এক সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে আবারও প্রমাণ হলো তাদের দায়িত্বশীলতা।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ক্যাম্পের ৭ নম্বর পোস্টের নিকটবর্তী ২৪ নম্বর বাংলো এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য রেজি: ১৯২৩১১৬ সিপাহী মোঃ আরাফাত হোসেন লক্ষ্য করেন যে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন ব্যক্তি একটি ট্রলার থেকে নেমে সন্দেহজনকভাবে চলাফেরা করছে। তাৎক্ষণিকভাবে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে তিনি জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিত হন যে তারা সকলেই ভাষানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী।
পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিপাহী আরাফাত হোসেন বিষয়টি ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন। পরে ক্যাম্প কমান্ডার দ্রুত আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনী এবং নৌবাহিনীর টহল টিমকে খবর দেন। যৌথ অভিযানে ১ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৫ জন শিশুসহ মোট ৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। বর্তমানে তারা নৌবাহিনীর হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার একই এলাকা থেকে আরও ৩১ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নৌবাহিনীর সহায়তায় আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।