ই-পেপার/প্রিন্ট ভিউ
সংবাদ প্রতিবেদন
নিউজ ডেস্ক ::
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কানাইঘাট উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক।
বুধবার (১ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আনসার ও ভিডিপি সদস্যদের দুর্গাপূজা বির্সজন পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শারদীয় সুরক্ষা অ্যাপে রিপোর্ট, ৯৯৯ নম্বরে যোগাযোগ এবং সংশ্লিষ্ট ইউএভিডিওকে অবহিত করতে হবে। এছাড়া অপতৎপরতা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে সমন্বয় করে কাজ করবে বলেও তিনি নির্দেশনা দেন।
মোস্তাফিদুল হক বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি প্রোএকটিভ ফোর্স। তারা সর্বদা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এ বছরও শারদীয় দুর্গাপূজায় দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রুখে দিতে কানাইঘাট উপজেলার ৩২টি পূজামণ্ডপে ২০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত সদস্যরা দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবেন।