ই-পেপার/প্রিন্ট ভিউ
প্রতিবেদক ঃ মোঃ আনোয়ার হোসেন।
ঢাকা নগরীর অন্যতম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা বা টমটম। প্রতিদিনই রাজধানীর সড়কে এ যানবাহনের কারণে তীব্র যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে, যথাযথ নিয়ন্ত্রণ ও আইনের আওতায় না আনার কারণে এ যান এখন শহরের গলার কাঁটায় পরিণত হয়েছে।
পরিসংখ্যান বলছে, একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক মাসে গড়ে ৩০ হাজার টাকারও বেশি আয় করে থাকেন। অর্থাৎ বছরে প্রায় সাড়ে তিন লাখ টাকার সমপরিমাণ উপার্জন করেন তারা। অথচ তাদের কাছ থেকে নেওয়া হয় না ইনকাম ট্যাক্স, রোড ট্যাক্স কিংবা রেজিস্ট্রেশন ফি। যেখানে দেশের গড় মাসিক আয়ের সীমা ২০-২৫ হাজার টাকা, সেখানে এ যানচালকেরা গড় আয়ের চেয়ে বেশি আয় করছেন। কিন্তু সামাজিক প্রচলিত ধারণা এখনো তাদের ‘গরিব’ বলে চিহ্নিত করে।
শহরবাসীর অভিযোগ, এসব যানবাহনের চালকেরা কোনো নিয়ম-নীতি মানেন না। উল্টোপথে গাড়ি চালানো, যত্রতত্র দাঁড়ানো, সিগন্যাল ভাঙা এবং লাইসেন্স ছাড়াই রাস্তায় নামা—এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি ক্রমেই বাড়ছে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ববরণ করছেন, কেউ কেউ প্রাণও হারাচ্ছেন।
পরিবহন বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানের জন্য নগর ও মহাসড়কে ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশার চলাচল সীমিত করা জরুরি। একইসঙ্গে দ্রুত রেজিস্ট্রেশন, লাইসেন্স এবং নির্দিষ্ট রুটে চলাচলের ব্যবস্থা চালু করতে হবে। তা না হলে নগর জীবনের দৈনন্দিন ভোগান্তি ও সড়ক নিরাপত্তা সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।