ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার, রংপুর, ৫ অক্টোবর ২০২৫ খ্রি.
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ সোহান মিয়া (২৭) কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর পরিবার বাদী হয়ে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৫ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১)/১০ তৎসহ দণ্ডবিধির ৩২৩/২০১/৩০২/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করে। মামলার ২নং আসামি ছিলেন নিহতের স্বামী সোহান মিয়া।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল বাতেন তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করেন। শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে পঞ্চগড় সদর থানা পুলিশের সহযোগিতায় মিলগেট এলাকা থেকে সোহানকে গ্রেফতার করা হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে তাকে কোতয়ালী থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামী গ্রেফতারে নিয়মিতভাবে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।