• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:১২
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই আমার লক্ষ্য — ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই আমার লক্ষ্য — ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন ই-পেপার/প্রিন্ট ভিউ

তোফাজ্জল ইসলাম - সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের হাওরাঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। তিনি বলেছেন, হাওরের কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন না হলে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমি চাই হাওরপাড়ের মানুষও রাষ্ট্র পরিবর্তনের অংশীদার হোক।

বুধবার দুপুরে মধ্যনগর বাজারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

ব্যারিস্টার লিটন বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক নীতি নয়, এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আমি চাই হাওরাঞ্চলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে।

তিনি আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। আমি চাই—হাওরের কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাক, মৎস্যজীবী যেন আবারও মাছধরার ঐতিহ্য ফিরে পায়, ছাত্ররা যেন সুযোগ পায় আধুনিক শিক্ষার, আর প্রতিটি গ্রামে পৌঁছে যাক উন্নয়নের আলো।

মতবিনিময় সভায় ব্যারিস্টার লিটন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরুন। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে হাওরাঞ্চলকে একটি মডেল অঞ্চলে পরিণত করা সম্ভব।

সভায় সাংবাদিকরা হাওরের যোগাযোগব্যবস্থা, শিক্ষা অবকাঠামো, কৃষি বিপণন ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে ব্যারিস্টার লিটন বলেন, আমি চাই পরিকল্পিত হাওর উন্নয়ন। এজন্য স্থানীয় বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কৃষি কর্মকর্তাদের মতামত নিয়েই উন্নয়ন পরিকল্পনা তৈরি করব।

এর আগে ব্যারিস্টার লিটন ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন গ্রাম, বাজার ও হাটে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা তুলে ধরেন।

হাওরের বেহাল রাস্তাঘাট ও অব্যবস্থাপনা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, এই রাস্তায় মানুষ যেমন কষ্ট পায়, আমিও কষ্ট পেয়েছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে ভালোবাসা ও ভোটের মাধ্যমে সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি এই দুর্ভোগ দূর করতে আপ্রাণ চেষ্টা করব।

প্রবাসে আইন পেশায় যুক্ত থেকে সংগঠন পরিচালনায় অভিজ্ঞ এই ব্যারিস্টার যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মী ও তরুণদের মতে, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতার সমন্বয়ে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন হাওরাঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

সভা শেষে ব্যারিস্টার লিটন বলেন, হাওরের মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি আপনাদেরই একজন, আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের স্বপ্নই আমার রাজনীতি।


সুনামগঞ্জ

সুনামগঞ্জ-১

আরও পড়ুন