• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:১১
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে কৃষকদের সচেতনতামূলক সভা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে কৃষকদের সচেতনতামূলক সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

তোফাজ্জল ইসলাম - জামালগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন শীর্ষক এ অনুষ্ঠানে কারিতাসের চলমান কার্যক্রম, কৃষি উন্নয়ন ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সাচনা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলার ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। তিনি বলেন,

কারিতাস বাংলাদেশের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, টেকসই কৃষি চর্চা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের প্রস্তুত করা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন মাঠ সহায়ক মো. জামিল হোসেন, নিশা রানী দাসসহ এলাকার সাধারণ কৃষক ও কারিতাসের উদ্যোক্তারা।

বক্তারা বলেন, কারিতাস বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সমাজে ন্যায়, শান্তি, মানবিক মর্যাদা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। সংস্থাটি দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মানবাধিকার ও টেকসই কৃষি উন্নয়নে কাজ করে আসছে।

প্রধান অতিথি কায়সার আহমেদ বলেন, সরকার এখন কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এতে সারের ভর্তুকি কমবে, কৃষক উপকৃত হবে এবং বিভিন্ন রোগ-বালাই থেকেও রক্ষা পাওয়া যাবে।

বিশেষ অতিথি মোশাররফ হোসেন তালুকদার বলেন, কারিতাস আমাদের হাতে-কলমে শিখিয়ে দিচ্ছে কীভাবে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

বক্তারা আরও বলেন, কৃষককে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। এ ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


জামালগঞ্জ

আরও পড়ুন