ই-পেপার/প্রিন্ট ভিউ
ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা দেশের গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেইন রোড এবং ২নং ওয়ার্ডের নোয়াগাঁও ব্রিজ থেকে ভিতরের রাস্তা পর্যন্ত ভাঙা অংশগুলো মেরামত করা হয়। রাস্তার পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এ ছাড়া নাগরপুর চার গ্রামের ঈদগাহ, কবরস্থান ও মাদ্রাসার যাতায়াতের রাস্তায় থাকা গর্ত ও কাদাযুক্ত অংশে মাটি ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়।
নোয়াগাঁও খালপাড়ের ব্রিজটির নিচের মাটি সরে যাওয়ায় ওই পথ দিয়ে চলাচল দুরূহ হয়ে পড়েছিল। এমনকি মৃত ব্যক্তিদের জানাজা শেষে লাশ দাফনের জন্য ওই ব্রিজ পারাপার করাও ছিল অত্যন্ত কষ্টকর। ভিডিপি সদস্যদের এই উদ্যোগে এখন পথটি আবারও সহজে চলাচলের উপযোগী হয়েছে।
বাদাঘাট ইউনিয়নের ইউনিয়ন দলনেতা শাহা আলীর নেতৃত্বে ও সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. হযরত আলীর তত্ত্বাবধানে ২৫ জন ভিডিপি সদস্য এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন। তারা নিজেদের উদ্যোগে ভাঙা অংশে মাটি, খোয়া ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই রাস্তা মেরামত করেন।
স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ভিডিপি সদস্যদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।