ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ ও ১২ অক্টোবর মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) এম সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরায়েল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইয়ামির আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, এনসিপি নেতা এহসান জাকারিয়া, এবং আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জোসেপ আলী চৌধুরী।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
ছেলেদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ এবং রাজনগর উপজেলার পাচগাঁও উচ্চ বিদ্যালয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আজমনি হাই স্কুল এন্ড কলেজ ১–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
মেয়েদের বিভাগে ফাইনালে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ২–০ গোলে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
প্রতিযোগিতায় সাঁতার, দাবা, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আগামী ১৫ ও ১৬ অক্টোবর সিলেটে বিভাগীয় পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।